চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা নদীতে গোসল করতে নেমে ৫ বছর বয়সী তামিম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ নামক স্থানে নদীতে গোসল করতে নেমে এই ঘটনা ঘটে। ডুবে যাওয়া শিশু রহনপুর পৌর এলাকার হুজরাপুর ভাংড়িপট্টি মহল্লার বাসিন্দা মো: ইব্রাহিমের ছেলে। সে কয়েকদিন আগে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তামিম নানার বাড়ি থেকে বন্ধুদের নিয়ে নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে নিখোঁজ হন। পরে পরিবারসহ এলাকার লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেন। খবর পেয়ে গোমস্তাপুর উপজেলার ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল এসে তাকে নদী থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যু (ইউপি) মামলা হয়েছে।