নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। দায়িত্ব গ্রহণের পর থেকে শহরের অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার,বৃক্ষরোপন এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে নেওয়া উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
পৌরসভা সূত্রে জানা যায়,শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, স্ট্রিট লাইট সচলকরণ, জলাবদ্ধতা নিরসন এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া নাগরিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য পৌর কার্যালয়ে সেবার মানোন্নয়নেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অচল থাকা সড়কবাতি মেরামত, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং নাগরিক দুর্ভোগ কমাতে বিশেষ কার্যক্রম পরিচালনার ফলে শহরবাসীর মধ্যে সন্তোষ প্রকাশ পেতে দেখা গেছে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পৌর প্রশাসনের এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
শহরের কয়েকজন বাসিন্দা জানান, অতীতে অনেক সমস্যা দীর্ঘদিন অমীমাংসিত থাকলেও বর্তমানে সেগুলো সমাধানে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে শহরে পরিচ্ছন্নতা রক্ষা, সড়কবাতি সচল রাখা এবং জনসেবার মান বৃদ্ধিতে পৌর প্রশাসকের আন্তরিকতা প্রশংসার দাবি রাখে। সৈয়দপুর পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন,নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সীমিত সম্পদের মধ্যেও পৌরবাসীর সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৌরসভা গড়ে তুলতে আমরা কাজ করছি। আর এজন্য পৌরবাসির সকলের সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্ট মহলের মতে, প্রশাসকের নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়িত হলে সৈয়দপুর পৌরসভার নাগরিক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং শহরবাসী এর সুফল ভোগ করবে।