আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) শহরের গুরুত্বপূর্ণ সড়ক জিআরপি মোড় থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে র্যালিটি । এতে দলটির স্থানীয় নেতাকর্মী, যুবসমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকের ভয়াবহতা তুলে ধরে সমাজকে মাদকমুক্ত করতে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার আহ্বান জানান।
প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য বলেন, মাদক জাতির ভবিষ্যৎ ধ্বংস করে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক ব্যবসায়ী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শহর জামায়াতের সেক্রেটারি শরফুদ্দিন খান,উপজেলা জামায়াতের আমীর মাজহারুল ইসলাম, সেক্রেটারি ওয়াজেদ আলী বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, সামাজিক সচেতনতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করাও সমান গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে নিয়মিত জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত হয়। এ উপলক্ষে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন সচেতনতামূলক কর্মসূচি পালন করে।