সাতক্ষীরা সীমান্তে ৩ পাচারকারীসহ কোটি টাকার মালামাল জব্দ

এফএনএস (এস.এম. শহিদুল ইসলাম; সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৫:২১ পিএম
সাতক্ষীরা সীমান্তে ৩ পাচারকারীসহ কোটি টাকার মালামাল জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে দুই দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় উদ্ধার করা হয়েছে ভারতীয় মোবাইল ফোন, ওষুধ, চিংড়ির রেণু পোনা এবং মাদকসহ প্রায় কোটি টাকার চোরাচালানের মালামাল। জব্দ করা হয়েছে পণ্য পরিবহনে ব্যবহৃত একটি বাংলাদেশি কাভার্ড ভ্যানও। বৃহস্পতিবার (২৫ জুন) ও শুক্রবার (২৬ জুন) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, হিজলদী, মাদরা, চান্দুরিয়া, বৈকারী ও কাকডাঙ্গা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের মোট আনুমানিক মূল্য ৯৪ লাখ ২৭ হাজার৫৫০ টাকা।

বিজিবি সূত্র জানায়, ২৫ জুন ভোমরা আইসিপির বিজিবি চেকপোস্টে একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধ ভারতীয় চিংড়ির রেণু পোনা ও বিয়ারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-যশোরের শার্শা উপজেলার রাসেল আহমেদ (২৫) এবং সাতক্ষীরা সদরের আব্দুল গফুর (৪০)। জব্দকৃত কাভার্ড ভ্যান ও মালামালের আনুমানিক মূল্য ৭৭ লাখ ৬৫ হাজার ২৫০ টাকা।

পৃথক আরেকটি অভিযানে ভোমরা সীমান্ত থেকে ১৩ পিস ইয়াবাসহ মো. লাভলু হোসেন (২৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে বিজিবি। এছাড়া ভোমরার ফলমোড় এলাকা থেকে উদ্ধার করা হয় ৫ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ২০টি বিভিন্ন ব্র্যান্ডের (ভিভো, ওয়ানপ্লাস, রিয়েলমি, স্যামসাং ইত্যাদি) ভারতীয় মোবাইল ফোন।

বিওপি ভিত্তিক মালামাল জব্দের বিবরণীতে বলা হয়- কলারোয়ার বড়ালী ও শ্মশান ঘাট এলাকায় অভিযান চালিয়ে যথাক্রমে ৬০,৬০০ টাকার মোবাইল যন্ত্রাংশ এবং ১ লাখ ৫ হাজার টাকার ভারতীয় ওষুধ জব্দ করা হয়। কলারোয়ার কাঁদপুর ও চাঁন্দুরিয়া এলাকায় পৃথক দুটি অভিযানে ৩০ বোতল উইনসিরাক্স সিরাপ ও মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯২ হাজার টাকা। সাতক্ষীরা সদরের চৌধুরী পাড়া এবং কলারোয়ার কেরাগাছি এলাকা থেকে যথাক্রমে ২ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা এবং ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও মোবাইলের যন্ত্রাংশ জব্দ করা হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) জানান, শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এর ফলে দেশীয় শিল্প যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। দেশের রাজস্ব রক্ষা এবং চোরাচালান রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার জেলার সংবাদ পড়তে