মাদকে সয়লাব চাটমোহর,বাড়ছে অপরাধ প্রবণতা

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ২৬ জুন, ২০২৬, ০৭:০২ পিএম
মাদকে সয়লাব চাটমোহর,বাড়ছে অপরাধ প্রবণতা

পাবনার চাটমোহর এখন ভয়াবহ মাদক আগ্রাসনের মুখে। এক সময়ে সীমিত পরিসরে থাকা মাদকের বিস্তার এখন বিষবৃক্ষের মতো ছড়িয়ে পড়েছে সমাজের প্রতিটি স্তরে। মাদকের কারণেই বাড়ছে অপরাধ প্রবণতা। মাদকদ্রব্য বিক্রি ও মাদক প্রতিরোধে কর্মসূচি নিয়ে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মাদকদ্রব্য নির্মূল ও জড়িত প্রভাবশালীদের গ্রেফতারের জন্য উপজেলার চরপাড়া এলাকার সাধারণ মানুষ পাবনা জেলা প্রশাসকের নিকট লিখিত আবেদন করেছেন। ইয়াবা,গাঁজা,চোলাই মদ,ফেনসিডিল,টাপেনটাডল ট্যাবলেটসহ রকম রকম মাদক এখন চাটমোহরের সর্বত্র। মাদকের নীল নেশায় বুঁদ হচ্ছে যুব সমাজ। মাদকের সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তিরা অনেক কিছুরই নিয়ন্ত্রক বলে জানা গেছে। 

গত বৃহস্পতিবার (২৫ জুন) চাটমোহর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদকদ্রব্য নিয়েই অধিকাংশ সময় আলোচনা হয়েছে। কমিটির সদস্যরা মাদক নিয়ন্ত্রণে আরো কঠোর হওয়াসহ প্রতিকারের দাবি করেছেন।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযানে চাটমোহরে প্রায় দিনই মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের আটক করা হচ্ছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবীদের সাজা দেওয়া হচ্ছে। থানায় নিয়মিত মামলাও হচ্ছে। কিন্তু থামছেনা মাদক বিক্রি ও সেবন। মাদক বিক্রেতা চক্র যেন আরো বেপরোয়া হয়ে উঠেছে। মাদক কারবালরিা শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছে। থানা পুলিশ বৃহস্পতিবারও (২৫ জুন) ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ আটক করেছে। আটককৃত হলো পৌর সদরের বালুচর মহল্লার মিরাজ আলীর ছেলে শাহীন হোসেন (২৮)।

গত বুধবার ও মঙ্গলবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদকসেবীকে আটক করেছে। পরে ভ্রাম্যমান আদালত এসকল মাদকসেবীকে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করেন। আটককৃতরা হলেন,উপজেলার বড়শালিখা  গ্রামের ইমান আলীর ছেলে রফিকুল ইসলাম (৩৮),হরিপুর বুড়িপাড়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে জয়নাল (৬৫),হান্ডিয়ালের কুর্ণিপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে সোহেল রানা (২২) ও ভাদড়া গ্রামের সোহরাব আলীর ছেলে জনাব আলী (৪৫)। আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরীর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অর্থদন্ডও প্রদান করেন। 

চাটমোহর পৌর সদর থেকে উপজেলার প্রত্যন্ত গ্রামে এখন মাদকদ্রব্য সহজলভ্য হয়ে পড়েছে। অনেকটা প্রকাশ্যেই চলছে মাদকের বেচাকেনা। শিশু থেকে বয়স্ক পর্যন্ত যেমন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত.তেমনি সেবনের সাথে নানা বয়সী মানুষের সম্পর্ক। 

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান জানান,“মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ যৌথভাবে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এজন্য তিনি সচেতন মানুষের সহযোগিতা কামনা করেছেন। 

আপনার জেলার সংবাদ পড়তে