নাটোরের ঐতিহ্যবাহী ও অন্যতম বৃহৎ ব্যবসাকেন্দ্র লালপুর বাজারকে আধুনিক, পরিচ্ছন্ন, নিরাপদ ও চাঁদাবাজিমুক্ত বাজার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত লালপুর বাজার বণিক সমিতির উদ্যোগে মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাজারের দীর্ঘদিনের সমস্যা সমাধান, ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ এবং বাজার ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও যুগোপযোগী করার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (২৬ জুন) রাত ১০টায় লালপুর বাজারে অনুষ্ঠিত সভায় নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সহ-সভাপতি অ্যাড. আরিফুল ইসলাম ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার সুজন-এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লালপুর বাজারের উন্নয়নের দায়িত্ব শুধু ৪১ সদস্যবিশিষ্ট কমিটির নয়; এ বাজারের প্রায় ৭০০ ব্যবসায়ীই বণিক সমিতির সদস্য। তাই বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব প্রতিষ্ঠানে রূপ দিতে সকল ব্যবসায়ীর সম্মিলিত অংশগ্রহণ ও দায়িত্বশীলতা প্রয়োজন। তিনি বাজারে যত্রতত্র দোকান না বসিয়ে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখার মাধ্যমে যানজট নিরসনে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নে উপজেলা প্রশাসন সবসময় বণিক সমিতির পাশে থাকবে।
তিনি আরও বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যানের নেতৃত্বে একটি বাজার পরিচালনা কমিটি গঠনের বিধান রয়েছে। এ কমিটি বাজার ব্যবস্থাপনা, শৃঙ্খলা রক্ষা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নবগঠিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ ৪১ সদস্যবিশিষ্ট কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, বিগত সরকারের আমলে লালপুর বাজারের উন্নয়ন কর্মকাণ্ডে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত উন্নয়ন ব্যাহত হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল-এর নেতৃত্বে লালপুর বাজারসহ উপজেলার সার্বিক উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। বাজারের অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং নাগরিক সুবিধা সম্প্রসারণে প্রতিমন্ত্রীর কার্যকর ভূমিকার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বণিক সমিতির উপদেষ্টা মাজদার হোসেন, রবিউল ইসলাম রবি ও ইকবাল হোসেন বাবলু।
সভাপতির বক্তব্যে রফিকুল ইসলাম বাজারের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন, স্থায়ী জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন, সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা জোরদার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, উন্নত স্যানিটেশন সুবিধা এবং চাঁদাবাজিমুক্ত ব্যবসার পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। এসব সমস্যা দ্রুত সমাধানে তিনি উপজেলা প্রশাসনের কার্যকর উদ্যোগ কামনা করেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা জোরদার এবং একটি সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে নবগঠিত কমিটি সকল ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। তিনি বলেন, লালপুর বাজারকে একটি আধুনিক, সুশৃঙ্খল, নিরাপদ ও দৃষ্টিনন্দন ব্যবসাকেন্দ্রে পরিণত করাই কমিটির প্রধান লক্ষ্য। ব্যবসায়ীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, তাদের যেকোনো সমস্যা দ্রুত সমাধান এবং বাজারের সার্বিক উন্নয়নে কমিটি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবে।
সভায় লালপুর বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, বণিক সমিতির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।