সাতক্ষীরা প্রশাসক কর্তৃক ধর্মান্ধতা বৃদ্ধির অপবাদের প্রতিবাদে মিছিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৭ জুন, ২০২৬, ০৮:০৭ পিএম
সাতক্ষীরা প্রশাসক কর্তৃক ধর্মান্ধতা বৃদ্ধির অপবাদের প্রতিবাদে মিছিল

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরা জেলাকে ধর্মান্ধতা বৃদ্ধির অপবাদ দেওয়ার প্রতিবাদে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) জুম্মাবাদ সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদ আশাশুনি উপজেলা এ কর্মসূচির আয়োজন করে।  শুরুতে থানা মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে সমাবেশে মিলিত হয়। উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উপাধ্যক্ষ মাওঃ ওহিদুজ্জামানের সভাপতিত্বে ও মাওঃ আবু সাঈদের সঞ্চালনায় সভায় হাফেজ রুহুল আমিন, হাফেজ আব্দুল্লাহসহ বহু আলেম ও ধর্ম প্রাণ মুসল্লিগণ অংশ নেন ও বক্তব্য রাখেন। সভাপতির বক্তব্যে মাওঃ ওহিদুজ্জামান বলেন, আমরা ধর্মান্ধ নই, আমরা ধর্মের অনুসারী- ধর্মের বিধিবিধান মেনে চলি। বাংলাদেশের ৯২ ভাগ মুসলমান বাকি হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান অর্থাৎ ১০০% মানুষ ধর্ম অনুসরণ করে। কেউ অন্ধভাবে ধর্ম অনুসরণ করে না, জেনে বুঝে দুনিয়ার শান্তি ও আখেরাতের মুক্তির জন্য ধর্ম অনুসরণ করে। সাতক্ষীরার অধিকাংশ মানুষ মুসলমান, তিনি ধর্মান্ধ বলে আমার ধারণা ইসলামকে মিন করেছেন। তিনি চাকরি করছেন বাংলাদেশ সরকারের, অথচ আমার মনে হয় তিনি বিদেশি কোন এজেন্ডা বাস্তবায়নের জন্য হিন্দু মুসলমানদের সম্প্রীতি নষ্ট করতে গভীর ষড়যন্ত্র করছেন। 

তিনি বলেন, জেলা প্রশাসক কাওসার আজিজ এর বক্তব্য কোন মুসলমানের বক্তব্য হতে পারে না। আমার প্রশ্ন তিনি কোন ধর্ম অনুসরণ করেন। আমরা তাঁর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অনতিবিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করে নিবেন এবং জাতির কাছে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান তাহলে হিন্দু মুসলমান মিলে তার বিরুদ্ধে গণবিস্ফোরণ তৈরি হবে। বক্তাগণ অতি দ্রুত তাকে অপসারণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে