নিজের উপর হামলাকারীকে ক্ষমা করতে চান সাইফ

এফএনএস বিনোদন
| আপডেট: ২৮ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম | প্রকাশ: ২৮ জুন, ২০২৬, ০৭:০৬ পিএম
নিজের উপর হামলাকারীকে ক্ষমা করতে চান সাইফ

হামলাকারীর ছুরিকাঘাতে আহত হয়েছিলেন বলিউড অভিনেতা সাইফ আলি খানের ছোট ছেলে জাহাঙ্গীর আলি খানও (জেহ)। গত বছরের জানুয়ারিতে মুম্বাইয়ের ফ্ল্যাটে ঘটে যাওয়া সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন সাইফ। তবে ঘটনার ভয়াবহতা স্মরণ করলেও হামলাকারীকে ক্ষমা করে দিতেও আপত্তি নেই অভিনেতার। সাক্ষাৎকারে সাইফ আলি খান জানান, ঘটনার রাতে তাদের ফ্ল্যাটের পেছনের রাস্তা দিয়ে ঘরে প্রবেশ করে শরিফুল ইসলাম শেহজাদ নামের এক যুবক। সে প্রথমে বাথরুমে এবং পরে সাইফ-কারিনার ছোট ছেলে জাহাঙ্গীরের (জেহ) ঘরে গিয়ে লুকিয়ে থাকে। ঘরে অপরিচিত এক ব্যক্তিকে দেখে শিশুটি কাঁদতে শুরু করলে পাশে থাকা ন্যানি ও জাহাঙ্গীরকে আঘাত করে ওই যুবক। সন্তানের কান্নার শব্দ শুনে পাশের ঘর থেকে সাইফ ছুটে যান এবং তাকে বাঁচাতে হামলাকারীর ওপর ঝাঁপিয়ে পড়েন। এ সময় ওই যুবক সাইফের ঘাড়, হাত ও পিঠে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। দীর্ঘক্ষণ ধস্তাধস্তির একপর্যায়ে সাইফ মাটিতে পড়ে গেলেও পরে উঠে দাঁড়িয়ে হামলাকারীকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। এই সুযোগে ন্যানি জাহাঙ্গীরকে নিয়ে নিরাপদ স্থানে সরে যান এবং বাড়ির অন্য কর্মচারীরা এসে অভিযুক্তকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। গুরুতর আহত সাইফকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেই রাতের স্মৃতিচারণ করে অভিনেতা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার পোশাক ভিজে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় বড় ছেলে তৈমুর তাকে জিজ্ঞেস করেছিল, ‘আমি কি মারা যাব?’। রক্তক্ষরণ ও শারীরিক অবস্থা দেখে তখন সাইফের নিজেরও তেমনই মনে হচ্ছিল। তবে এত বড় দুর্ঘটনার পরও অভিযুক্ত যুবককে ক্ষমা করার ইঙ্গিত সাইফের। নিজের এই সিদ্ধান্তের পেছনে সামাজিক বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি মূলত অর্থনৈতিক ও সামাজিক বৈষম্যের কারণে সৃষ্ট একটি অপরাধ। সমাজে এক শ্রেণির মানুষের কাছে সব থাকে, আর অন্য শ্রেণির কাছে কিছুই থাকে না-এমন বৈষম্যই এই ধরনের ঘটনা উসকে দেয় বলে মনে করেন তিনি।