বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু বন্ধে

সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৩:৩১ পিএম
সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু বন্ধে স্থানীয় সাংবাদিকদের সাথে আলোচনা সভা এবং রংপুর বিভাগীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম। আরডিআরএস রংপুরে আজ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এতে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার, উত্তম দাস; নর্দান বাংলাদেশ ক্লাস্টারের ফিল্ড কমিউনিকেশন কো-অরডিনেটর আলভী হোসাইন, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, রিপোর্টাস ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, রংপুরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দসহ ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা।

রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার উত্তম দাস তার বক্তব্যে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে ওয়ার্ল্ড ভিশনের নেওয়া বিভিন্ন পদক্ষেপগুলো সবার সামনে তুলে ধরেন। এসময় তিনি প্রশাসনের সহযোগিতায় শীঘ্রই রংপুর সিটি করপোরেশনের কিছু ওয়ার্ডকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত হিসেবে ঘোষণা করার পরিকল্পনা জানান। রংপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী তার বক্তব্যে শিশুদের জীবন মানোন্নয়নে সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় সেজন্য গণমাধ্যমকর্মীদের তাদের কাজের মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান। 

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, “শিশুদের জন্য রংপুর সিটিতে ওয়ার্ল্ড ভিশন যা করছে তা সত্যিই প্রশংসার দাবীদার। তারা যে কিছু ওয়ার্ডকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে ঝরে পড়া মুক্ত হিসেবে ঘোষণা করতে যাচ্ছে তা সত্যিই রংপুরের বাল্যবিবাহ ও শিশুশ্রম কমাতে সহায়ক ভূমিকা রাখবে।” মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া ডেভলপমেন্ট প্রোগ্রাম ক্লাস্টার অফিসের হেলথ, নিউট্রেশন এবং ওয়াশ স্পেশালিস্ট পল্লব কান্তি রায়। অনুষ্ঠান শেষে পরিবেশ দিবস উপলক্ষ্যে সাংবাদিকবৃন্দের মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে