নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মিস্ত্রীপাড়া এলাকার অন্যতম ব্যস্ততম সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে পরিণত হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রতিদিন শত শত রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে এ সড়ক দিয়ে চলাচল করছেন।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা যায় না। এতে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে। যানবাহনের গতি কমিয়ে এ সড়কে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, বছরের পর বছর ধরে সড়কটির স্থায়ী সংস্কার হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। রিকশাচালক, অটোরিকশাচালক ও পথচারীরা অভিযোগ করেন, ভাঙা সড়কের কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে। স্থানীয় সচেতন মহলের দাবি, প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও মিস্ত্রীপাড়ার মতো গুরুত্বপূর্ণ সড়কের এমন বেহাল অবস্থা নাগরিক সেবার ঘাটতিরই প্রতিফলন। তাঁরা দ্রুত টেকসই সংস্কারের মাধ্যমে জনদুর্ভোগ নিরসনের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সৈয়দপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রয়োজনীয় বরাদ্দ পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত সড়কটি দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।