কুষ্টিয়ার ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে ধারাবাহিক অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত পৃথক তিনটি অভিযানে মালিকবিহীন অবস্থায় আনুমানিক (তের লক্ষ পঁয়তাল্লিশ হাজার দুইশত) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য উদ্ধার করা হয়েছে। ২৯ জুন ২০২৬ তারিখ ভোরে চিলমারী বিওপির একটি চৌকস টহল দল দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ, ১,০৯০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১,১৫০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (সাত লাখ দুই হাজার) টাকা।
এর আগে চরচিলমারী বিওপির একটি টহল দল আকন্দপাড়া মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ১,৭৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ২২০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২৪০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লাখ তেরো হাজার দুইশ) টাকা। একই দিন সকালে বিলগাথুয়া বিওপির একটি টহল দল জয়পুর চক বিলগাথুয়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ৭৫ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (ত্রিশ হাজার) টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং দিন-রাত নিরবচ্ছিন্নভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।