পাবনার চাটমোহরে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়েছে। পারিবারিক কলহ,মান-অভিমানসহ নানা কারণে আত্মহত্যার ঘটনা ঘটছে। গত দুই দিনে এ উপজেলায় ৮ জন আত্মহত্যা করেছে। থানা সূত্রে জানা গেছে,সোমবার (২৯ জুন) সকালে উপজেলার হরিপুর ইউনিয়নের ধরইল মৎস্যজীবিপাড়ায় ইউনুস আলী (৭৫) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক অশান্তির কারণে সে বাড়ির ঘরের ডাবের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
রবিবার (২৮ জুন) সকালে উপজেলার ফৈলজানা ইউনিয়নের হেংলী বুধপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে কাজলী খাতুন (১৩) চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে মারা যান। আগের দিন রাতে মায়ের গলমন্দ খেয়ে কাজলী কীটনাশক বিষপান করে। মূমুর্ষু অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। একইদিন কীটনাশক বিষপানে আত্মহত্যা করে উপজেলার ফৈলজানা গ্রামের আজাদ সরদারের ছেলে ফারুক হোসেন (২৮)। পারিবারিক কলহের কারণেই সে কীটনাশক বিষপান করে বলে জানা যায়। এছাড়া গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া গ্রামের মহসিন আলীর ছেলে জসিম উদ্দিন (২২)। এসকল আত্মহত্যার বিষয়ে চাটমোহর থানায় ইউডি মামলা হয়েছে। চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) অলিউর রহমান জানান,চাটমোহর উপজেলায় আত্মহত্যার প্রবনতা বেশি চলতি বছর ২২টি আত্মহত্যার ঘটনা ঘটেছে। আত্মহত্যা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে।