সুজানগরে যখন তখন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৬:২৪ পিএম
সুজানগরে যখন তখন লোডশেডিং, জনজীবন বিপর্যস্ত

ইদানিং পাবনার সুজানগরে লোডশেডিং চরম আকার ধারন করেছে। গত এক সপ্তাহ হলো সুজানগর পৌরসভাসহ উপজেলার সর্বত্র যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। একদিকে প্রচণ্ড তাপদাহ অন্যদিকে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। 

পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা শামসুল ইসলাম জানান, আগে সকাল এবং সন্ধ্যায় নির্দিষ্ট একটি সময়ে লোডশেডিং দেওয়া হতো। এ সময় বিদ্যুৎ গ্রাহকরা লোডশেডিংয়ের ওই সময়ের সাথে মিল রেখে বিদ্যুৎ নির্ভর কাজ গুলো আগেভাগে সেরে ফেলতেন। কিন্তু বর্তমানে সেই সুযোগ আর নেই। এখন আর নির্দিষ্ট কোন সময়ে লোডশেডিং দেওয়া হয়না। গত ৬/৭দিন হলো সকাল, দুপুর, বিকাল, সন্ধ্যা রাত এবং গভীর রাত ঠিক নাই যখন তখন লোডশেডিং দেওয়া হচ্ছে। এতে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২’র আওতাধীন সুজানগর আঞ্চলিক অফিসের হাজার হাজার গ্রাহকদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে শিক্ষার্থীদের লেখা-পড়া এবং এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি অফিস-আদালতের কাজ-কর্ম বিঘ্নিত হচ্ছে। উপজেলার কুড়িপাড়া গ্রামের তাঁত মালিক মোঃ আলাউদ্দিসহ অনেকে বলেন বর্তমানে অধিকাংশ তাঁত শিল্প বিদ্যুৎ নির্ভর। অথচ ইদানিং ঘন ঘন লোডশেডিংয়ের কারণে তাঁতের তৈরী বিশেষ করে শাড়ি ও লুঙ্গি উৎপাদন চরমভাবে ব্যাহত হচ্ছে। এ বিষয়ে জানতে সুজানগর আঞ্চলিক অফিসের এজিএম (কম) আবু বকরকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

আপনার জেলার সংবাদ পড়তে