ছয়দফা দাবিতে বরিশালে মানববন্ধন, অবরোধের হুঁশিয়ারি

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২৯ জুন, ২০২৬, ০৬:৩৮ পিএম
ছয়দফা দাবিতে বরিশালে মানববন্ধন, অবরোধের হুঁশিয়ারি

ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, রেলপথ চালু এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নে ছয় দফা বাস্তবায়নের দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছেন সর্বস্তরের ছাত্র-জনতা। এ সময় দাবি পূরণ না হলে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হলের সামনে 'বরিশালের সর্বস্তরের ছাত্র-জনতা'র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ এতে অংশগ্রহন করেন। মানববন্ধন থেকে বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে ছয় দফা দাবি বাস্তবায়নের আহবান করেন। 

দাবিগুলো হলো, ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ককে ছয়লেনে উন্নীত করা, বরিশাল পর্যন্ত রেলপথ নির্মাণ ও চালু করা, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে সচল ও কার্যকর করা, শের-ই-বাংলা মেডিক্যাল কলেজকে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা, ভোলার গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা, ভোলা-বরিশাল সেতু নির্মাণ এবং দক্ষিণাঞ্চলের নদীভাঙনপ্রবণ জেলাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।

বক্তারা বলেন, পদ্মা সেতু চালুর ফলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন হলেও ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক ছয়লেনে উন্নীত করার জন্য জাতীয় বাজেটে কোনো কার্যকর বরাদ্দ রাখা হয়নি।  একইভাবে রেলপথ, শিল্পায়ন ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নেও দক্ষিণাঞ্চলকে বঞ্চিত করা হয়েছে। বরিশাল ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাব্বির হোসেন সোহাগ বলেন, বরিশালের প্রতি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আলাদা নজর ছিল। আমরা মনে করি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানেরও বরিশালের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে। কিন্তু ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলবাসীকে বঞ্চিত করা হয়েছে। ভাঙ্গা-কুয়াকাটা মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ, রেলপথ চালুসহ আমাদের ছয় দফা দাবি আদায়ে মানববন্ধন করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করা হবে। বরিশাল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নাফিসা মুসতারি বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আর উপেক্ষা করা চলবে না। বাজেটে বরিশালবাসীর জন্য কোন বিশেষ বরাদ্দ রাখা হয়নি। ঘোষিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য আহবান জানিয়েছেন। মানববন্ধন শেষে আয়োজকরা জানান, দ্রুত সময়ের মধ্যে ছয়দফা দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে