রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৩০ জুন, ২০২৬, ০২:৩৪ পিএম | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০২:৩৪ পিএম
রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে প্রার্থীদের উপচে পড়া ভিড়
দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন (ভ্রমণ) ভিসার আবেদন ফরম জমা নেওয়া শুরু করেছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। রাজশাহীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে ভিসা প্রার্থীদের ব্যাপক ভিড় দেখা গেছে।মঙ্গলবার (৩০ জুন) নগরীর বর্ণালী মোড়ে অবস্থিত ভিসা সেন্টারে সরেজমিনে দেখা যায়, তিন শতাধিক ভিসা প্রার্থী লাইনে দাঁড়িয়ে কাগজপত্র জমা দেওয়ার অপেক্ষা করছেন। অনেকেই জানান, সিরিয়াল নিশ্চিত করতে তারা সকাল ৭টার আগেই ভিসা সেন্টারের সামনে এসে উপস্থিত হন। সে সময় ভিড় ছিল আরও কয়েক গুণ বেশি। এর আগের দিন সোমবার সকাল ৯টা থেকে আবেদন গ্রহণ কার্যক্রম শুরুর প্রথম দিনে ভিসা সেন্টারের সামনে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আবেদনকারীদের। দীর্ঘদিন পর ভ্রমণ ভিসা চালু হওয়ায় আবেদনকারীদের উপচে পড়া উপস্থিতি থাকলেও কেন্দ্রে ছিল স্বাভাবিক পরিবেশ। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আবেদন গ্রহণ কার্যক্রম নির্বিঘ্নভাবেই চলছে এবং এখন পর্যন্ত আবেদনকারীর উপস্থিতি তুলনামূলক বেশি। ভিসা প্রার্থীদের অনেকেই চিকিৎসা, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা, ধর্মীয় ভ্রমণ ও পর্যটনের উদ্দেশ্যে ভারতে যেতে চান। দীর্ঘদিন পর্যটন ভিসা বন্ধ থাকায় আবেদন জমা দেওয়ার সুযোগ পেয়ে এক সঙ্গে বিপুল সংখ্যক মানুষ কেন্দ্রে আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভিসা প্রার্থীরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়াতে হলেও আবেদন গ্রহণ কার্যক্রম মোটামুটি সুশৃঙ্খলভাবে চলে। নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রের সামনে অতিরিক্ত নিরাপত্তাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। ভারতীয় হাইকমিশন সূত্রে জানা গেছে, গত ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণ শুরু হয়েছে। প্রথম ধাপে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র- ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আবেদন জমা নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনকারীদের অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করে নির্ধারিত সময় অনুযায়ী কেন্দ্রে উপস্থিত হতে হবে। আবেদনপত্র, বৈধ পাসপোর্ট, প্রয়োজনীয় ছবি ও অন্যান্য কাগজপত্র সম্পূর্ণ থাকলে আবেদন গ্রহণ করা হচ্ছে। দীর্ঘদিন পর পর্যটন ভিসা কার্যক্রম চালু হওয়ায় আগামী কয়েক দিনও রাজশাহী ভিসা সেন্টারে ভিসা প্রার্থীদের চাপ অব্যাহত থাকতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় সব ধরনের নিয়মিত ভিসা ইস্যু স্থগিত করে ভারত। একই সঙ্গে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় দেশ জুড়ে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম।
আপনার জেলার সংবাদ পড়তে