জুলাই মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেন আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে। নতুন এ মূল্যহার কার্যকর হবে মঙ্গলবার (১ জুলাই) থেকে।
মঙ্গলবার (৩০ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, গত ৩১ মে ঘোষিত মূল্যহার জুলাই মাসেও বহাল থাকবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জুলাই মাসে প্রতি লিটার অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা, কেরোসিন ১৩৫ টাকা এবং ডিজেল ১১৫ টাকায় বিক্রি হবে। অর্থাৎ জুন মাসে যে দাম কার্যকর ছিল, নতুন মাসেও সেই মূল্যেই জ্বালানি তেল কিনতে পারবেন গ্রাহকরা।
মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চালু থাকা স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতির আওতায় প্রতি মাসে জ্বালানি তেলের দাম পর্যালোচনা করা হয়। আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়েই জুলাই মাসের জন্য বিদ্যমান মূল্য বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার গত বছরের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের ব্যবস্থা চালু করেছে। সেই নীতির ধারাবাহিকতায় প্রতি মাসের শুরুতে নতুন মূল্য ঘোষণা করা হচ্ছে। তবে জুলাই মাসে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় দাম বাড়ানো বা কমানোর প্রয়োজন হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।