রাতের আঁধারে গজারিয়ায় মিললো নবজাতক কন্যাশিশু

এফএনএস (মোঃ আমিরুল ইসলাম নয়ন; গজারিয়া, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ৩০ জুন, ২০২৬, ০৭:০২ পিএম
রাতের আঁধারে গজারিয়ায় মিললো নবজাতক কন্যাশিশু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন সংলগ্ন এলাকায় গভীর রাতে একটি নবজাতক কন্যাশিশুকে ফেলে রেখে পালিয়ে গেছে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা। পরে শিশুটির কান্নার শব্দ শুনে হাসপাতালের নার্স ও রোগীর স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা দেন।

সোমবার(২৯জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দা থেকে নবজাতকের কান্নার শব্দ শুনে হাসপাতালে ভর্তি কয়েকজন রোগীর স্বজন ও কর্তব্যরত নার্স দ্রুত নিচে নেমে যান। পরে হাসপাতাল চত্বরে ডাস্টবিন সংলগ্ন স্থান থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালের ভেতরে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা দেওয়া হয়।

কর্তব্যরত এক নার্স জানান, নবজাতকটির জন্ম হয়েছে অল্প কিছুক্ষণ আগে। তবে শিশুটির জন্ম গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হয়নি। ধারণা করা হচ্ছে, আশপাশের কোনো ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বা অন্য কোথাও জন্মের পর তাকে এখানে ফেলে যাওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া শিশুটি একটি কন্যাশিশু। উদ্ধারের সময় সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল বলে জানান উদ্ধার করা নার্স।প্রাথমিক অবস্থায় হাসপাতালের তত্ত্বাবধানে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

নবজাতক শিশু ফেলে রাখার খবরে গজারিয়া উপজেলার নির্বাহী অফিসার  ইউএনও উম্মে হাফছা নাদিয়া  হাসপাতালে ছুটে যান এবং শিশু টিকে মায়ের মতো পরম যত্নে কোলে তুলে নেন।শিশুটির মাথায় কিছুটা আঘাতের চিহ্ন দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালের আরএমও, এবং ইউএনও'র নির্দেশে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী আশিক জানান, "ব্রাজিলের খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর আমি ওই স্থানে গিয়েছিলাম। তখন সেখানে কোনো শিশু ছিল না। কিছুক্ষণ পর শুনতে পাই, সেখানে একটি নবজাতককে ফেলে রেখে গেছে কে বা কারা।"

এ ঘটনায় হসপিটাল এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা কী কারণে নবজাতকটিকে ফেলে গেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে