জেলা পরিষদের এডিপির

রংপুরে ৫৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ

এফএনএস (মমিনুল ইসলাম রিপন; রংপুর) : | প্রকাশ: ১ জুলাই, ২০২৬, ১১:১৭ পিএম
রংপুরে ৫৯ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) আওতায় রংপুর জেলা পরিষদের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় গৃহীত ৫৯ লাখ টাকার ৪০টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দপত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেল ৩টায় রংপুর জেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশীদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। পরে ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির আওতায় গৃহীত উন্নয়ন প্রকল্পের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরা তাদের অভিজ্ঞতা, প্রত্যাশা ও মতামত তুলে ধরেন। জেলা পরিষদের উপস্থাপিত তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে বিশেষ এডিপির আওতায় ৫৯ লাখ টাকা ব্যয়ে ৪০টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ১০টি পিআইসি এবং ৩০টি টেন্ডার প্রকল্প। এছাড়া বিভিন্ন অর্থবছরের এডিপির সাশ্রয়কৃত অর্থ থেকে ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে আরও ১২৭টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ৫৮টি পিআইসি এবং ৬৯টি টেন্ডার প্রকল্প রয়েছে। সব মিলিয়ে ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে মোট ১৬৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবে জেলা পরিষদ। এর মধ্যে ৬৮টি পিআইসি ও ৯৯টি টেন্ডার প্রকল্প। প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সুফল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে পৌঁছে দিতে জেলা পরিষদ আন্তরিকভাবে কাজ করছে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের প্রয়োজন ও অগ্রাধিকার বিবেচনায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হলে তার সুফল দীর্ঘমেয়াদে সমাজ ও অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এতে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নের পাশাপাশি সরকারের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনুকূলে বরাদ্দপত্র বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে