গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৬:২৩ পিএম
গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

জুলাই ও আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শহিদদের প্রতি শ্রদ্ধা, আহতদের সম্মান, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ ঘোষণা দেন।

ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থান এবং ছাত্র জনতার দীর্ঘ আন্দোলনের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মাধ্যমে শহিদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি সংশ্লিষ্ট সব অংশীজনের অবদানের স্বীকৃতি তুলে ধরা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (১ জুলাই) দিবাগত রাতের প্রথম প্রহরে জাতীয় শহিদ মিনারে 'আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল' শিরোনামে জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়েছে। এরপর বুধবার (১৫ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে 'গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) চট্টগ্রাম ও রংপুর বিভাগে ছাত্র সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে ওই দুই বিভাগের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, কলেজ, উপজেলা ও পৌর ইউনিটের নেতাকর্মীরা অংশ নেবেন। একই দিনে চট্টগ্রাম ও রংপুর বিভাগ ছাড়া দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগর শাখায় স্মরণসভা অনুষ্ঠিত হবে।

কর্মসূচির ধারাবাহিকতায় শনিবার (১৮ জুলাই) 'বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস' উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করবে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার (২০ জুলাই) গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান নিয়ে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে 'প্রতীকী জুলাই' শীর্ষক লাইভ পারফরম্যান্সের আয়োজন করা হয়েছে। একই দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্দোলন সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, কবিতা উৎসব এবং পথনাটকেরও আয়োজন থাকবে।

বুধবার (২২ জুলাই) জুলাই ও আগস্টের সব শহিদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সারা দেশের বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর শাখায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৪ জুলাই) ও শনিবার (২৫ জুলাই) দেশজুড়ে শহিদদের কবর জিয়ারত এবং শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে। এ সময় ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শহিদ পরিবারের কাছে উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সবশেষে সোমবার (৩ আগস্ট) জাতীয় শহিদ মিনারে ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে