এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, শেষ রক্ষা হলো না

এফএনএস (এ.কে. আজাদ সেন্টু; লালপুর, নাটোর) : | প্রকাশ: ২ জুলাই, ২০২৬, ০৮:১৪ পিএম
এক বছরের সাজা এড়াতে ৯ বছর পলাতক, শেষ রক্ষা হলো না

মাত্র এক বছরের সাজা এড়াতে দীর্ঘ প্রায় ৯ বছর আত্মগোপনে ছিলেন অর্থঋণ সংক্রান্ত মামলায় সাজাপ্রাপ্ত এক নারী আসামি। তবে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে পারেননি তিনি। তথ্যপ্রযুক্তি ও দীর্ঘদিনের গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে নাটোরের লালপুর থানা পুলিশ রংপুর মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, লালপুর থানার এসআই এস. এম. গোলাম মোর্শেদ, এএসআই মোহাম্মদ রায়হান ফেরদৌস এবং এএসআই নাহিদ হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে। বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে রংপুর মহানগরীর কোতোয়ালি থানাধীন আলমনগর মহাদেবপুর এলাকা থেকে অর্থঋণ মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. শাহিদা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহিদা আক্তার নাটোরের লালপুর উপজেলার উত্তর লালপুর এলাকার বাসিন্দা এবং আকতার হোসেন (ওরফে সাদা)-এর স্ত্রী। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, অর্থঋণ সংক্রান্ত একটি মামলায় নাটোরের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত শাহিদা আক্তারকে এক বছর সশ্রম কারাদণ্ড, ৬ লাখ ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান এবং প্রায় নয় বছর পলাতক ছিলেন।

তিনি আরও জানান, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত করে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার (২ জুলাই) আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে