রংপুরের গঙ্গাচড়ায় দাওয়াতে যাওয়ার পথে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের সঙ্গে থাকা সাত বছরের এক শিশুকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হয়েছে। নিহতরা হলেনথউপজেলার সদর ইউনিয়নের পশ্চিম মান্দ্রাইন গ্রামের নির্মল চন্দ্র রায় (৭৫) ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় (৩৫)। প্রশান্ত চন্দ্র রায় পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন। বৃহস্পতিবার (২ জুলাই) বেলা দুইটার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নির্মল চন্দ্র রায় ও তার ছেলে প্রশান্ত চন্দ্র রায় এবং নাতি বন্ধন চন্দ্র রায় মিলে মোটরসাইকেলে করে বড়াইবাড়ি তুলশীহাটে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে মন্থনা জুট মিলের সামনের কাছে পৌঁছলে বেপরোয়া একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রশান্ত চন্দ্র রায় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় নির্মল চন্দ্র রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বন্ধন চন্দ্র রায় বর্তমানে একই হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, নির্মল চন্দ্র সরকার ও তার ছেলে প্রশান্ত স্থানীয়ভাবে পরিচিত ও সেবাপরায়ণ মানুষ ছিলেন। দুর্ঘটনায় তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটি হাসপাতালে আইসিইউতে সংকটাপন্ন অবস্থায় রয়েছে। লাশ পরিবারে কাছে পৌঁছানো হচ্ছে। গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, দুর্ঘটনার পর ট্রাক রেখে চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়েন। তবে তাকে আটকের চেষ্টা করা হচ্ছে। ট্রাকটি থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।