পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ৩ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ১২:৪৪ পিএম
পদ্মা বাঁচাতে রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন
ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সংকট দূর, নদীদখল-দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন। শুক্রবার (৩ জুলাই) সকাল ৬টায় নগরের লালনশাহ মুক্তমঞ্চ থেকে সাড়ে ৭ কিলোমিটার দীর্ঘ এ মিনি ম্যারাথনের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের আয়োজন নদী রক্ষায় জনসচেতনতা তৈরির একটি শক্তিশালী সামাজিক আন্দোলন। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত সচেতনতা, দায়িত্ববোধ ও উদ্যোগই পারে পদ্মাসহ দেশের সব নদ-নদীকে সুরক্ষিত রাখতে। আসুন, আমরা সবাই নদী রক্ষায় এগিয়ে আসি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, নিরাপদ ও প্রাণবন্ত নদীব্যবস্থা উপহার দিই। এ সময় রাসিক প্রশাসক ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনে অংশগ্রহণকারীদের আন্তরিক শুভেচ্ছা এবং আয়োজকদের ধন্যবাদ জানান। মিনি ম্যারাথনটি লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী প্রায় সাড়ে ৫৫০ জন প্রতিযোগী অংশ নেন। তাদের মধ্যে প্রায় ১৩৫ জন নারী অংশগ্রহণকারী ছিলেন। আয়োজকরা জানান, রান ফর পদ্মা’ শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই এ উদ্যোগ। নদী রক্ষার দাবি শুধু পরিবেশগত বিষয় নয়; এটি কৃষি, জীববৈচিত্র্য, জনজীবন ও ভবিষ্যৎ অর্থনীতির সঙ্গে সরাসরি সম্পর্কিত। তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষকে নদী রক্ষার আন্দোলনে সম্পৃক্ত করতেই এই মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সংগঠনের উপদেষ্টা ও রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, উপদেষ্টা রিক্তা পারভীন, আহ্বায়ক মো. জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম সানি এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার জেলার সংবাদ পড়তে