খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান বিহারী (৬৩) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) আনুমানিক রাত সোয়া ১২ টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। নিহত হাসান উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে।
এলাকাবাসী জানায়, গত ৪/৫ দিন আগে নিহত হাসান বিহারির বাড়িতে ভ্যান যোগে কয়েকজন মেহমান আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম প্রকাশ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় হাসান চৌরাস্তার মোড়ে অবস্থানকালে রাশেদসহ ৪-৫ জন বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে তার উপর আতর্কিত হামলা চালায়। হামলাকারীরা একপর্যায়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ঢাকায় প্রেরণ করে। কিন্ত ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু ঘটে। এ বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল প্রদর্শন করেছে। এছাড়া মামলা দায়েরের জন্য নিহত হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।