শরণখোলা কলেজে জীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা

এফএনএস (সাবেরা ঝর্ণা; শরণখোলা, বাগেরহাট) : | প্রকাশ: ৩ জুলাই, ২০২৬, ০৩:০৩ পিএম
শরণখোলা কলেজে জীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা

দীর্ঘ ৩২ বছরের শিক্ষকতা জীবন শেষে রাজকীয় সংবর্ধনায় ভূষিত হলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের শরীরচর্চা শিক্ষক সুভাষ চন্দ্র দাস (বাবুল)। কলেজ কর্তৃপক্ষ তাঁকে এই সংবর্ধনায় ভূষিত করে। সুভাষ চন্দ্র দাস ১৯৯৪ সালে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে শরীরচর্চা শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর জীবনের ৩২টি বছর তিনি সুনামের সাথে ওই কলেজে শিক্ষকতা করে আসছেন। গত মঙ্গলবার (৩০ জুন) ছিল শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে দীর্ঘ শিক্ষকতা জীবনে তাঁর শেষ কর্মদিবস। বাবুল দাস শুধু শিক্ষকই ছিলেন না; তিনি শিক্ষকতার পাশাপাশি দীর্ঘ ২৬ বছর দৈনিক যুগান্তর ও দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় শরণখোলা উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। এছাড়াও শরণখোলা প্রেসক্লাবের কয়েকবার সভাপতি ছিলেন এই গুণী শিক্ষক। তাঁর বিদায় অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও রাজকীয় হওয়ায় বিষয়টি এখন শরণখোলায় ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে।

এদিন সকাল সাড়ে ৯টায় কলেজ থেকে তাঁর বাসার সামনে আসে সুসজ্জিত একটি প্রাইভেট কার। সাথে ছিলেন কলেজের সিনিয়র-জুনিয়র মিলিয়ে প্রায় ২০ থেকে ২৫ জন শিক্ষক। সেই গাড়িতে বিদায়ী শিক্ষক বাবুল দাস ও তাঁর পরিবারের সদস্যদের সসম্মানে কলেজে নিয়ে যাওয়া হয়। ওদিকে কলেজ গেটে ফুলেল শুভেচ্ছা জানাতে অপেক্ষায় ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। শুভেচ্ছা শেষে কলেজের শিক্ষক সম্মেলন কক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কলেজের ইসলাম শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল জলিল-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আলম ফকির। এ সময় উপস্থিত ছিলেন কলেজের সকল বিভাগের শিক্ষক ও কর্মচারীবৃন্দ। বিদায়ী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- শরণখোলা আইডিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ উসমান গনি, অধ্যাপক শহিদুল ইসলাম দুলাল, উপজেলা সদর রায়েন্দা বাজার কমিটির সেক্রেটারি বাবুল তালুকদারসহ অনেকে। সুভাষ চন্দ্র দাসকে বিদায় জানাতে গিয়ে অনেকেই তখন অশ্রুজলে সিক্ত হন। পরে বিদায়ী শিক্ষককে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন শিক্ষক, কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ।

আপনার জেলার সংবাদ পড়তে