টানা দেড় বছরের বেশি সময় ধরে কঠোর মুদ্রানীতি অনুসরণ করেও মূল্যস্ফীতিকে বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রায় নামানো সম্ভব হয়নি। নীতি সুদহার ১০ শতাংশে বহাল রাখা এবং অর্থপ্রবাহ নিয়ন্ত্রণের নানা উদ্যোগ সত্ত্বেও মূল্যস্ফীতি এখনো সাধারণ মানুষের জন্য বড় অর্থনৈতিক চাপ হয়ে রয়েছে। এতে স্পষ্ট যে, মূল্যস্ফীতির বর্তমান সংকট শুধু মুদ্রানীতির মাধ্যমে মোকাবিলা করা সম্ভব নয়; প্রয়োজন আরও সমন্বিত ও বহুমাত্রিক উদ্যোগ। বাংলাদেশ ব্যাংকের পর্যালোচনায় উঠে এসেছে, বৈশ্বিক জ্বালানি ও পণ্যমূল্যের অস্থিরতা, সরবরাহ শৃঙ্খলের দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার সীমাবদ্ধতা মূল্যস্ফীতিকে দীর্ঘস্থায়ী করেছে। একই সঙ্গে পরিবহন, আবাসন, বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বৃদ্ধি উৎপাদন ও বিতরণ খরচ বাড়িয়ে সামগ্রিক মূল্যস্ফীতির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে। ফলে কেবল সুদহার বৃদ্ধি করে চাহিদা নিয়ন্ত্রণের কৌশল প্রত্যাশিত ফল দেয়নি। অবশ্য কঠোর মুদ্রানীতির কিছু ইতিবাচক প্রভাবও দেখা গেছে। একপর্যায়ে মূল্যস্ফীতি কমলেও সেই ধারা স্থায়ী হয়নি। এটি ইঙ্গিত করে যে, মূল্যস্ফীতির পেছনে অভ্যন্তরীণ ও বহিরাগত-উভয় ধরনের কারণ সক্রিয় রয়েছে। তাই কেন্দ্রীয় ব্যাংকের পাশাপাশি সরকারের রাজস্বনীতি, বাজার তদারকি, আমদানি ব্যবস্থাপনা এবং সরবরাহ ব্যবস্থার কার্যকারিতাও সমান গুরুত্বপূর্ণ। এ অবস্থায় নতুন মুদ্রানীতিতে সতর্ক অবস্থান বজায় রাখার ইঙ্গিত অস্বাভাবিক নয়। তবে নীতি সুদহার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে বেসরকারি বিনিয়োগ, শিল্প সম্প্রসারণ এবং কর্মসংস্থানের ওপরও চাপ সৃষ্টি হতে পারে। ফলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা নীতিনির্ধারকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে। একই সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক মুনাফা ও কারসাজি রোধে কার্যকর নজরদারি বাড়ানো এবং উৎপাদন ও পরিবহন ব্যয় কমানোর উদ্যোগ নিতে হবে। কৃষি ও শিল্প উৎপাদনে সহায়ক পরিবেশ তৈরি, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা এবং বিনিময় হার ব্যবস্থাপনায় আস্থা ফিরিয়ে আনাও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মূল্যস্ফীতি কেবল একটি পরিসংখ্যান নয়; এটি মানুষের জীবনযাত্রার ব্যয়, সঞ্চয় এবং ক্রয়ক্ষমতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই এ সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতির পাশাপাশি সরকারের আর্থিক, বাণিজ্যিক ও বাজার ব্যবস্থাপনার নীতির মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করতে হবে। সমন্বিত ও ধারাবাহিক পদক্ষেপই পারে মূল্যস্ফীতিকে সহনীয় পর্যায়ে নামিয়ে এনে অর্থনীতিতে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা ফিরিয়ে আনতে।