দিনাজপুরের হিলিতে অপহরণ ও ১৮ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় ‘নাগরিক টিভি’র হিলি প্রতিনিধি তাহাকিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩ জুলাই) বিকেলে পার্শ্ববর্তী জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাহাকিক হাসান হাকিমপুর (হিলি) পৌরসভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, জীবনানন্দ নামের এক ব্যক্তিকে অপহরণ করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ভেতর আটকে রাখে অপহরণকারীরা। পরে তার পরিবারের কাছে ১৮ লাখ টাকা চাঁদা (মুক্তিপণ) দাবি করা হয়। এই ঘটনায় থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। এর আগে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আরও দুজন আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, তাহাকিক হাসান অপহরণ মামলার এজাহারভুক্ত আসামি। তিনি হিলিতে নাগরিক টিভির হিলি প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তদন্তে এই অপহরণের ঘটনার সাথে তার জড়িত থাকার স্পষ্ট সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। এরই প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আজ শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন ঘটনায় জড়িত বাকি আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে ।