চাটমোহরে এক মাসে ৫০ জন মাদকসেবীর কারাদন্ড

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:০১ পিএম
চাটমোহরে এক মাসে ৫০ জন মাদকসেবীর কারাদন্ড

পাবনার চাটমোহরে গত ১ মাসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। প্রত্যেক মাদকসেবীকে কারাদন্ডের পাশাপাশি অর্থদন্ডও করা হয়। এছাড়া মাদক কারবারীদের আটক করে থানা পুলিশ নিয়মিত ৯টি মামলা রজু করেছে। উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট,গাঁজার গাছসহ শুকনো গাঁজা। সর্বশেষ শুক্রবার (৩ জুলাই) পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান ৮ জন মাদক কারবারী ও মাদকসেবীকে আটক করে। শুক্রবার রাতে পাবনায় নিয়ে আটককৃতদের ডোপ টেস্টে করার পর ভ্রাম্যমান আদালত বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেন। এই অভিযানে চাটমোহর পৌর সদরের ছোট শারিখা মহল্লার চিহ্নিত মাদক কারবারী আতিকুল ইসলাম (২৫) আটক হয়েছে।  

চাটমোহরে মাদকের বিরুদ্ধে পুলিশী অভিযান জোরদার করা হয়েছে। থানার নবাগত অফিসার ইনচার্জ অলিউর রহমানের নেতৃত্বে পুলিশের টিম প্রতিদিনই মাদকদ্রব্য বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। গত এক মাসে এ উপজেলায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫০ জন মাদকসেবীকে অর্থদন্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের ভ্রাম্যমান আদালত মাদকসেবীদের সাজা দেন। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মাদকের মহামারি অবস্থান তৈরি হয়েছিল। পুলিশের অভিযানে এখন অনেক মাদক বিক্রেতাই গাঢাকা দিয়েছে। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে।   চাটমোহর থানার অফিসার ইনচার্জ অলিউর রহমান বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সাথে জড়িত কাউকে ছাড়া হবেনা। পাবনার পুলিশ সুপারের নির্দেশনায় জেলাকে মাদকমুক্ত করতে অভিযান জোরদার করা হয়েছে। পুলিশ মাদক নিয়ন্ত্রণে বদ্ধ পরিকর। এজন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে