রাজশাহীর বাঘায় শরিফা খাতুন (৩৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে উপজেলার কিশোরপুর এলাকার একটি আম বাগান থেকে এই লাশ উদ্ধার করা হয়। শরিফা খাতুন উপজেলার কিশরপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে।
জানা গেছে, শরিফা খাতুনের ১৭ বছর আগে গাজীপুর এলাকার মোহাম্মদ রাব্বি হোসেনের সঙ্গে বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। তারা পোশাক কারখানায় চাকরি করে গাজীপুর এলাকায় জমি কিনে ছোট একটি বাড়ি দিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় শরিফা খাতুন বাবার বাড়ি কিশরপুরে আসেন। রাত ৩টার দিকে বাড়ির সামনে একটি আমগাছে ঝুলন্ত দেখতে পান পরিবারের লোকজন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের লোকজন বাঘা থানাকে ঘটনাটি অবগত করা হলে শনিবার সকালে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরাদেহ উদ্ধার করে।
এ বিষয়ে শরিফা খাতুনের স্বামী মোহাম্মদ রাব্বি হোসেন বলেন, জমি কিনে বাড়ি করতে গিয়ে বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়া হয়েছে। ঋণের কিস্তি পরিশোধের বিষয়ে আমি ও আমার স্ত্রী মানসিকভাবে উদ্বিগ্ন ছিলাম। তবে শরিফা খাতুনের পরিবারের সদস্যরা মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। এ বিষয়ে বাঘা থানার উপ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম বলের, ঘটনাটি নিয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে। বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে যাবে।