বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট এবং এনএফএল তারকা ট্রাভিস কেলসি আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত এই বিয়ের অনুষ্ঠান। কড়া নিরাপত্তা, তারকাখচিত উপস্থিতি এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের কারণে অনেকেই একে ‘শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ বিয়ে’ বলে আখ্যা দিচ্ছেন।
বিয়ের অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। টেইলর সুইফটের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন বিবিসিকে বিয়ের খবরটি নিশ্চিত করেছেন। অনুষ্ঠানে অংশ নিতে ম্যানহাটানের অন্যতম ব্যস্ত সড়কের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। নিরাপত্তা ও অতিথিদের গোপনীয়তা নিশ্চিত করতে ভেন্যু ঘিরে নেওয়া হয় বিশেষ ব্যবস্থা।
মূল আয়োজনের আগে বৃহস্পতিবার (২ জুলাই) একই ভেন্যুতে ছোট পরিসরে একটি প্রি পার্টির আয়োজন করা হয়। সেখানে দুই তারকার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনসহ প্রায় ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া অনুমতিপত্রেও অনুষ্ঠানটিকে ‘প্রি পার্টি’ হিসেবে উল্লেখ করা হয়েছিল।
শুক্রবারের মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিউডের বহু পরিচিত মুখ। অভিনেতা হিউ গ্রান্ট, জেসন সুডেইকিস, গায়ক বেনসন বুন এবং মডেল জিজি হাদিদের উপস্থিতি বিশেষভাবে নজর কাড়ে। অনুষ্ঠানে অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো কাচে ঢাকা একের পর এক এসইউভি গাড়ি একটি বিশেষ তাঁবুর ভেতর দিয়ে প্রবেশ করে। একই সময়ে মিডটাউন ম্যানহাটানের কয়েকটি সড়কে যান চলাচলও বন্ধ রাখা হয়।
বিয়েকে ঘিরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে দিনভর ছিল ভক্তদের উপচে পড়া ভিড়। কেউ টেইলর সুইফটের জনপ্রিয় গান গেয়েছেন, কেউ তার কনসার্টের স্মারক পোশাক পরে উপস্থিত হয়েছেন। আবার অনেকে অনুষ্ঠান এক ঝলক দেখার আশায় মাচা ও স্ক্যাফোল্ডিংয়ে উঠে অপেক্ষা করেন।
অনুষ্ঠান শেষে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বিভিন্ন ডিজিটাল সাইনবোর্ডে বড় অক্ষরে ভেসে ওঠে, “জাস্ট অ্যান্ড টি ম্যারিড”। সেই দৃশ্যও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি করে।