নাম-গল্প বদলিয়েও মিলছে না সেন্সর, অনিশ্চিত সালমানের ‘মাতৃভূমি’

এফএনএস বিনোদন | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৪:৩৮ পিএম
নাম-গল্প বদলিয়েও মিলছে না সেন্সর, অনিশ্চিত সালমানের ‘মাতৃভূমি’

নাম পরিবর্তন, চিত্রনাট্যে সংশোধন এবং নতুন করে শুটিং, সব ধরনের উদ্যোগ নেওয়ার পরও সেন্সর বোর্ডের অনুমোদন মিলছে না সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘মাতৃভূমি’র। এর ফলে স্বাধীনতা দিবস উপলক্ষে আগস্টে সিনেমাটি মুক্তির পরিকল্পনাও অনিশ্চয়তার মুখে পড়েছে।

২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে ‘মাতৃভূমি’। শুরুতে ঈদ উপলক্ষে ১৭ এপ্রিল সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। তবে সেন্সর ছাড়পত্র না পাওয়ায় সেই সূচি বাতিল করা হয়। পরে আগস্টে মুক্তির নতুন পরিকল্পনা করা হলেও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, এখনো অনুমোদন না পাওয়ায় নির্ধারিত সময়েও সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা খুবই কম।

সিনেমাটির নাম প্রথমে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। গত বছরের ডিসেম্বরে টিজার প্রকাশের পরই এটি বিতর্কের জন্ম দেয়। বিশেষ করে চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে সমালোচনা করেন। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে চিত্রনাট্যে পরিবর্তন আনা হয়। নতুন করে প্রায় ৪০ শতাংশ দৃশ্য ধারণ করা হয়। আন্তর্জাতিক ভূরাজনৈতিক সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় রেখে সিনেমার নামও পরিবর্তন করা হয়। তবে এতসব পরিবর্তনের পরও এখনো সেন্সর বোর্ডের অনুমোদন মেলেনি।

সালমান খান ফিল্মসের ব্যানারে নির্মিত বড় বাজেটের এই সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। এতে গালওয়ান সংঘর্ষে নেতৃত্ব দেওয়া ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার কর্নেল সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। তাঁর বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং। এরই মধ্যে সিনেমাটির টিজার এবং তিনটি গান প্রকাশ করা হয়েছে।

এদিকে ‘মাতৃভূমি’র মুক্তি অনিশ্চিত হলেও নতুন প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। দক্ষিণি নির্মাতা ভামশি পেডিপল্লির নতুন সিনেমার শুটিং প্রায় শেষ করেছেন তিনি। এই সিনেমায় প্রথমবারের মতো তাঁর বিপরীতে অভিনয় করছেন নয়নতারা। পাশাপাশি পরিচালক জুটি রাজ ও ডিকের সুপারহিরো ঘরানার নতুন সিনেমাতেও কাজ করছেন বলিউডের এই জনপ্রিয় অভিনেতা।

আপনার জেলার সংবাদ পড়তে