প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক রিটন

এফএনএস (এস.এইচ.এম তরিকুল ইসলাম; রাজশাহী) : | প্রকাশ: ৪ জুলাই, ২০২৬, ০৭:১২ পিএম
প্রকৌশল বিভাগের অগ্রগতি ও পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক রিটন

‘সততা, দক্ষতা ও যোগ্যতা দিয়ে প্রত্যেককে নিজ নিজ অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবে না। আর ভালো কাজের জন্য রয়েছে পুরস্কার।’ রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রকৌশল বিভাগের কার্যক্রমের অগ্রগতি ও পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শনিবার (৪ জুলাই) দুপুরে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত নগর সভা কক্ষে আয়োজিত সভায় প্রশাসক বলেন, এ দেশটাকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করছেন। তিনি আমাকে এ মহানগরীর উন্নয়নে কাজ করার দায়িত্ব প্রদান করেছেন। আপনাদের সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়ন করতে চাই। যে লক্ষ্যে নাগরিক সেবার এ প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিতে আপনাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আপনাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আগামী ১ থেকে ২ বছরের মধ্যে রাজশাহী নগরী হয়ে উঠবে দেশের অন্যতম এক সুন্দর মহানগরী।

রাসিক প্রশাসক রিটন আরও বলেন, নতুন নতুন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ণে আপনাদের ভূমিকা অপরিসীম। নাগরিক বিভিন্ন সমস্যা চিহ্নিত করে ওয়ার্ড পর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে আগামীতে সকল উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল হবার পরামর্শ প্রদান করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আয়োজিত সভায় মহানগরীতে চলমান উন্নয়ন প্রকল্পের সার্বিক তথ্য চিত্র উপস্থাপন করেন তত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। সভায় রাসিকের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট সহ প্রকৌশল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে