জান্নাতুল পিয়া-তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

এফএনএস বিনোদন: | প্রকাশ: ৫ জুলাই, ২০২৬, ০৪:৫২ পিএম
জান্নাতুল পিয়া-তুষ্টিসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন টেলিভিশন টকশোতে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মডেল ও আইনজীবী জান্নাতুল পিয়া ও অভিনেত্রী শামীমা তুষ্টিসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে। অভিযোগটি করেছে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন।

অভিযুক্তদের তালিকায় রয়েছেন চ্যানেল আইয়ের উপস্থাপিকা সোমা ইসলাম, সাংবাদিক আনিস আলমগীর, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মোমিন মেহেদী, মারিয়া কিসপট্টা, জান্নাতুল পিয়া এবং অভিনেত্রী শামীমা তুষ্টি।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠন এই অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্ত করে দেখা হবে।

অভিযোগকারী রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্য মিল্লাত হোসেন জানান, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে।

পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়। লিখিত অভিযোগে দাবি করা হয়েছে, অভিযুক্তরা বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম এবং টেলিভিশন টকশোতে জুলাই গণঅভ্যুত্থান, আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশাপাশি শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক মন্তব্য করেছেন। এসব বক্তব্যের মাধ্যমে আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে। অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আবেদন জানিয়েছেন অভিযোগকারী। তবে এ বিষয়ে অভিযুক্তদের কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আপনার জেলার সংবাদ পড়তে