জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকলের ঘটনা ঘটেছে। এতে ঢাকা- ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে ট্রেন যাত্রীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছে।
পরে প্রায় দেড় ঘন্টার পর সকাল ১১ টার দিকে ব্রম্মপুত্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল হওয়া কমিউটার ট্রেনটিকে কাওরাইদ রেলওয়ে স্টেশনে নিয়ে গেলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-ঢাকা রেলপথের মশাখালী -কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর থেকে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গিয়ে মশাখালী- কাওরাইদ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিনে বিকল হয়ে যায়। এতে ঢাকা -ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়।
তিনি আরও বলেন, বর্তমানে ঢাকা- ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আটকে পড়া ট্রেন দুটি নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্য ছেড়ে গেছে। তবে ইঞ্জিন বিকলের কারণে জামালপুর কমিউটার ট্রেনটি বর্তমানে কাওরাইদ রেলওয়ে স্টেশনে রয়েছে। রিলিফ ইঞ্জিন আসলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।