ময়মনসিংহ নগরীর রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী কলোনী এলাকায় দিনে দুপুরে এক যুবককে পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। নিহত যুবকের নাম মিজানুর রহমান রুবেল ওরফে কাইল্যা রুবেল (৩৫)। সে ওই এলাকার আব্দুল হামিদের ছেলে। রবিবার (৫ জুলাই) বেলা সাড়ে এগারোটার দিকে রামকৃষ্ণ মিশন রোড ছত্রিশ বাড়ী কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল মাদকসেবী হিসাবে এলাকায় পরিচিত ছিলেন। তার নামে কোতয়ালি থানায় ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা সাড়ে এগারোটার দিকে রুবেল নগরীর রামকৃষ্ণ মিশন ছত্রিশ বাড়ী এলাকায় একটি ভাড়া বাড়িতে অবস্থান করছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তার ঘরে ঢ়ুকে প্রথমে তাকে বাঁশ দিয়ে পেটায় এবং এক পর্যায়ে জবাই করে ঘরে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে। এ ঘটনায় সন্দেহজনক ভাবে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। প্রকৃত হত্যাকারিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে। ইতিমধ্যে রনি মিয়া (২৭) ও সজল মিয়া (৩২) নামে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।