ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মুনতাহা (২) নামে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) দুপুরে উপজেলার সালটিয়া ইউনিয়নের বাগুয়া গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের শামছুল আলমের শিশুকন্যা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মুনতাহা রোববার দুপুরে খেলা করতে করতে মায়ের চোখের আড়ালে গিয়ে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষন পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে পরিবারের লোকজন ও স্থানীয়রা মুনতাহাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. লাবিবা পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই হৃদয়বিদারক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।