ময়মনসিংহের গৌরীপুরে দুর্বৃত্তদের হামলায় আব্দুল বারেক আকন্দ ওরফে মজনু মুন্সি (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভাংনামারী ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই ইউনিয়নের দুর্বারচর গ্রামের আব্বাস আলী আকন্দের ছেলে। নিহতের ছেলে জহরুল ইসলাম আকন্দ কুমিল্লায় সীমান্তে বিজিবির সদস্য হিসেবে কর্মরত। নিহতের ছেলে ও স্থানীয়রা জানান, রোববার রাতে স্থানীয় বয়ড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল কিশোর গ্যাং সদস্য তার বাবার পথরোধ করে। তাদের চিনে ফেলায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে বলে পরিবারের দাবি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার বাবা দুর্বারচর পশ্চিমপাড়ার তিনজনের নাম উল্লেখ করে গেছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা বয়ড়া বাজার থেকে ফেরার পথে অন্য কাউকে ছিনতাই বা হত্যার উদ্দেশ্যে ওত পেতে ছিল। ভুলবশত তার বাবার পথরোধ করা হয়। পরে তাকে বুকে ও পেটে ছুরিকাঘাত করা হয়। নিহতের ছেলে আরও অভিযোগ করেন, হামলার পর ঘাতকদের একজন তার বাবার মোবাইল ফোন থেকে তাকে কল দেয়। প্রায় ১৩ সেকেন্ড ফোন সংযোগ থাকলেও কোনো কথা বলেনি। পরে একই নম্বর থেকে তার বোন মাহিয়া আক্তার বৃষ্টিকে ফোন করে একজন বলেন, আপনার বাবাকে আমি মারিনি, আরেকজন ছুরি মেরেছে। এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের শনাক্তের কাজ চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।