বিরামপুরে শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:০৮ পিএম
বিরামপুরে শিক্ষার্থীদের মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ

দিনাজপুরের বিরামপুর উপজেলার খান পুর ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সরকারের মিড-ডে মিল কর্মসূচির আওতায় মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয় চলাকালীন সময়ে শিক্ষার্থীদের টিফিন হিসেবে পাউরুটি বিতরণ করা হয়। সোমবার (৬ জুলাই) বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যে পাউরুটি বিতরণ করা হয়, তার মোড়কে উৎপাদন ও মেয়াদসংক্রান্ত তথ্যে দেখা যায়, পাউরুটির মেয়াদ শেষ হয়েছে ৪ জুলাই ২০২৬। অর্থাৎ দুই দিন আগে মেয়াদোত্তীর্ণ হওয়া পাউরুটিই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে।

জানা গেছে, বিতরণের পর অধিকাংশ শিক্ষার্থী পাউরুটি খেয়ে ফেলে। তবে কয়েকজন শিক্ষার্থী মোড়কে লেখা মেয়াদ দেখে প্যাকেট খুললে রুটির ভিতরে কালো দাগ ও গন্ধ দেখে বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানায়। পরে স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থী ও বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে কথা বললে তারা মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের বিষয়টি স্বীকার করেন। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে বিরামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুনা লায়লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "বিষয়টি তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আপনার জেলার সংবাদ পড়তে