সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে মারপিট, নিহত ১ আটক ৫

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৫:২৩ পিএম
সুন্দরগঞ্জে সালিশ বৈঠকে মারপিট, নিহত ১ আটক ৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের চাচিয়া মীরগঞ্জ গ্রামে সালিশ বৈঠকের শুরুতেই এক পক্ষের মারপিটে তৃতীয় পক্ষের আব্দুর রাজ্জাক মিয়া (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগীতায় ৫ জনকে আটক করেছেন। নিহত রাজ্জাক ওই গ্রামের খাইরুজ্জামানের ছেলে। ঘটনাটি ঘটেছে গত রোববার চাচিয়া মীরগঞ্জ গ্রামের সাজু ব্যাপারীর বাড়ির উঠানে।

সালিশ বৈঠকে উপস্থিত সুধীজন ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে ওই গ্রামের মো. আমজাদ হোসেন ও তার সৎ ভাই মো. গোলজার হোসেনের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বিষয়টি মিমাংসার জন্য রোববার সালিশ সভার তারিখ নির্ধারন করেন। চেয়ারম্যানসহ উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ এবং স্থানীয় সুধীজন সবেমাত্র সালিশ বৈঠকে উপস্থিত থাকেন। তৃতীয় পক্ষ হিসেবে নিহত আব্দুর রাজ্জাক মিয়াও উপস্থিত হন। এরই মধ্যে গোলজার হোসেনের ছেলে ও তাঁর স্ত্রী রাজ্জাক মিয়াকে এলোপাথারী কিলঘুষি এবং মারপিট শুরু করলে রাজ্জাক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং স্থানীয়দের সহায়তায় মো. গোলজার হোসেন, তার ছেলে মো. লিটন মিয়া, মো. রিপন মিয়া, স্ত্রী মোছা রতনা বেগম, ও মো. মঞ্জুয়ারা বেগমকে আটক করে থানায় নিয়ে আসেন। সুরুতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর গতকাল সোমবার তাকে দাফন করা হয়।

থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, এনিয়ে নিহতের ভাই আতোয়ার রহমান বাদী হয়ে থানায় ৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আটক ৫ জনকে জেল হাজতে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে