দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও বিতরণ

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ৬ জুলাই, ২০২৬, ০৬:৪০ পিএম
দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‌্যালি ও বিতরণ

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখে দেবহাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, উদ্যোক্তাদের মাঝে ঋণ, গাছের চারা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সন্দীপ কুমার মন্ডল। উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির মাওঃ অলিউল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল বারী মোল্লা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসমিন জাহান, উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিৎ কুমার মণ্ডল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর.কে.বাপ্পা ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়নে উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রাপ্ত ঋণ যথাযথ ও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ করলে নিজেরা যেমন স্বাবলম্বী হতে পারবেন, তেমনি দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে ঋণের সঠিক ব্যবহার ও সময়মতো পরিশোধ নিশ্চিত হলে বিআরডিবির কার্যক্রম আরও গতিশীল হবে। অন্যদিকে ঋণ পরিশোধে অনিয়ম বা জটিলতা সৃষ্টি হলে প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উদ্যোক্তাদের মাঝে ঋণ, বিভিন্ন প্রজাতির গাছের চারা এবং পুরস্কার বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে