কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জুলাই ২০২৬ তারিখ সোমবার সকালে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির একটি টহল দল ডিগ্রীচর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দৌলতপুর থানায় মামলা দায়ের পূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্ত্র, গোলাবারুদ, মাদকদ্রব্য, চোরাচালানসহ সকল ধরনের আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের সার্বভৌমত্ব ও জননিরাপত্তা রক্ষায় বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।