বাগেরহাট-৪ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম শরণখোলা প্রেসক্লাবের আধুনিকায়ন ও সাংবাদিকদের কর্মপরিবেশ উন্নত করতে একটি অত্যাধুনিক কম্পিউটার সেটসহ নতুন আসবাবপত্র উপহার দিয়েছেন। সোমবার (৬ জুলাই) প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এই উপহার সামগ্রী হস্তান্তর করেন।
ডিজিটাল কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এই উপহার হস্তান্তর উপলক্ষ্যে প্রেসক্লাবে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। শরণখোলা প্রেসক্লাবের সভাপতি শেখ মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম কবির, নায়েবে আমীর ডা. ফজলুর রহমান এবং উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মোস্তফা আমিন।
সভায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম সাগর, আব্দুর রাজ্জাক তালুকদার, সাবেরা ঝর্ণা, মাহফুজুর রহমান বাಪ್ಪী, মো. শহীদুল ইসলাম সোহাগ, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. নুরুজ্জামান মীর, সাংবাদিক মাসুদ মীর, জাহিদ হাসান ,হিমেল ও জুয়েল হৃদয় প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, "বাগেরহাট জেলার মধ্যে শরণখোলা প্রেসক্লাব অন্যতম একটি সক্রিয় ও দায়িত্বশীল প্রতিষ্ঠান। এখানকার সাংবাদিকদের কলম ও বস্তুনিষ্ঠ লেখনী এই অবহেলিত উপকূলীয় অঞ্চলের সার্বিক ও অবকাঠামোগত উন্নয়নে সব সময়ই অনুঘটক হিসেবে কাজ করেছে।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, মুক্ত সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে এবং স্থানীয় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আগামী দিনগুলোতেও তিনি এই প্রেসক্লাবের সকল যৌক্তিক প্রয়োজনের পাশে থাকবেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে উপহারের কম্পিউটার ও আসবাবপত্র তুলে দেন। এসময় স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।