ভূরুঙ্গামারীতে জাল টাকা জব্দ ১ গ্রেপ্তার

এস.এম গোলাম মোস্তফা; ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৪:০৩ পিএম
ভূরুঙ্গামারীতে জাল টাকা জব্দ ১ গ্রেপ্তার
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল টাকার নোট সহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাথরডুবি ইউনিয়নে ঢেবঢেবির বাজার এলাকা থেকে ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। জাল টাকার অপরাধে আনোয়ার মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আনোয়ার পাথরডুবি ইউনিয়নের কানিবাড়ি এলাকার কুদ্দুস মিয়ার ছেলে। পুলিশ জানায়, মাদককারবারিরা ঢেবঢেবির বাজার এলাকা দিয়ে জাল নোট ব্যবহার করে ভারত থেকে গাঁজা ও ইয়াবা নিয়ে আসে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল তদন্ত শুরু করে। তদন্তের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্যরাতে পাথরডুবি ইউনিয়নের ঢেবঢেবির বাজার সংলগ্ন ভারতীয় সীমান্তগামী কাঁচা রাস্তা থেকে আনোয়ার মিয়াকে গ্রেপ্তার করা হয়। এসময় তার নিকট হতে বাংলাদেশি ৭৫ হাজার জাল টাকার নোট জব্দ করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আনোয়ার জানিয়েছে, এসব জাল নোট দিয়ে ভারতীয় সীমান্তের কাটাঁতার সংলগ্ন বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করা হয়। ভূরুঙ্গামারী সার্কেল এএসপি মুনতাসির মামুন মুন বলেন, মাদক ও চোরাকারবারিরা শতভাগ মুনাফার লোভে বাংলাদেশি জাল নোট ব্যবহার করে। সীমান্ত এলাকায় বসবাসকারীদের অত্যন্ত সতর্কতার সাথে মুদ্রা লেনদেন করতে হবে। আটক ব্যক্তির বিরুদ্ধে জাল নোট রাখার অপরাধে দন্ডবিধি-১৮৬০ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা করা হবে।
আপনার জেলার সংবাদ পড়তে