বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর হলেন চাঁদপুরের মো. আনিসুর রহমান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৫:২৭ পিএম
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভণর হলেন চাঁদপুরের মো. আনিসুর রহমান

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. আনিছুর রহমান। গত ৬ জুলাই (২০২৬) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে আগামী তিন বছরের জন্য এই গুরুত্বপূর্ণ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।

মো. আনিছুর রহমান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী ‘কবি রূপসা পাচানি’ বাড়ির সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর প্রয়াত পিতা এ কে এম ছায়েদুর রহমান (বি.এস.সি, বি.এড) ছিলেন লাউতলী ডা: রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

এছাড়া, আনিছুর রহমানের মামা হলেন দেশের প্রখ্যাত চিত্রশিল্পী এম হাসেম খাঁন। এমন এক বিদগ্ধ ও সাংস্কৃতিক ঐতিহ্যমণ্ডিত পরিবারে বেড়ে ওঠা মো. আনিছুর রহমানের এই উচ্চপদে আসীন হওয়া স্থানীয় এলাকাবাসীর জন্য এক অনন্য গর্বের বিষয়।

বাংলাদেশ ব্যাংকের একজন অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ব্যাংকার হিসেবে সুপরিচিত মো. আনিছুর রহমান ১৯৯৪ সালে সহকারী পরিচালক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে তাঁর কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ, মুদ্রানীতি বিভাগ ও সিআইবি (কেন্দ্রীয় ঋণতথ্য বিভাগ)-এর মতো গুরুত্বপূর্ণ বিভাগে অত্যন্ত নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিনিয়োগ বোর্ডে (বর্তমানে বিডা) দীর্ঘ সাত বছর কর্মরত ছিলেন। জানা যায়, তাঁর কর্মদক্ষতার কারণেই বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের পথ অনেকটা সুগম ও প্রসারিত হয়েছিল।মো: আনিছুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ হতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ১০(৪) অনুযায়ী বর্তমান পদ থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ এবং অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের পর সৃষ্ট শূন্য পদে তাকে স্থলাভিষিক্ত করা হলো।

দীর্ঘ কর্মজীবনে ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে মেধার স্বাক্ষর রাখা এই কর্মকর্তার ওপর দেশের ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং আর্থিক খাতের চলমান সংস্কার প্রক্রিয়ায় বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে। তাঁর এই নিয়োগকে অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহল অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। তাঁর এই সাফল্যে ফরিদগঞ্জ উপজেলা জুড়ে আনন্দের জোয়ার বইছে।

আপনার জেলার সংবাদ পড়তে