চাঁদপুরের আলোচিত লেংটা মাজার এলাকা হিসেবে পরিচিত মতলব উত্তর বেলতলি নয়াকান্দিতে স্থানীয় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতরে ফেলে রাখা একটি প্লাস্টিকের বাজার ব্যাগ থেকে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। রোববার (৫ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে র্যাব-১১, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব-১১, সিপিসি-২ নারায়ণগঞ্জ ক্যাম্প থেকে জানানো হয়, র্যাবের গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক দমন এবং সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি অস্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় জমা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।