জিয়ানগরে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের প্রতিবাদ, বিচারের দাবি

এফএনএস (শহিদুল ইসলাম; জিয়ানগর, পিরোজপুর) : | প্রকাশ: ৭ জুলাই, ২০২৬, ০৭:৩৬ পিএম
জিয়ানগরে সংবাদ সম্মেলনে মিথ্যা অভিযোগের প্রতিবাদ, বিচারের দাবি

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় নিজের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে আনীত মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন শাহেদ আলী মৃধা। একই সঙ্গে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহেদ আলী মৃধা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সম্প্রতি তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তাকে ও তার পরিবারের সামাজিক সম্মান ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে। প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বাড়ির মালামাল আনতে গেলে তার মেয়ে ও জামাতা তাকে ঘরের মধ্যে আটকে রাখেন। পরে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশি সহায়তা চান। খবর পেয়ে জিয়ানগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। তিনি দাবি করেন, গত ২ জুলাই তার মেয়ে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পুলিশের এসআই ইসমাইল, শাহিন ও এএসআই মুরাদের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।

এদিকে সংবাদ সম্মেলন শেষে জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এবং বালিপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য জলিল শেখের মধ্যস্থতায় উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। পরে পারিবারিক বিরোধ আলোচনার মাধ্যমে মীমাংসা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে