ময়মনসিংহে বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

এফএনএস (রকিবুল হাসান চৌধুরী রুবেল, ময়মনসিংহ) : | প্রকাশ: ৮ জুলাই, ২০২৬, ০৪:৩১ পিএম
ময়মনসিংহে বৃষ্টির পানিতে ডুবে ৮ মাসের শিশুর মৃত্যু

রাতভর টানা বৃষ্টির কারনে সৃষ্ট জলাবদ্ধতায় ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় বিছানা থেকে বশতঘরের পানিতে ডুবে আয়াশ নামে ৮ মাসের এক শিশুর  মৃত্যু হয়েছে । ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১০টার দিকে নগরীর ব্রাহ্মপল্লী এলাকায় শিশুর নানার বাড়িতে। সে নগরীর সেহড়া মুন্সিবাড়ি এলাকার বাসিন্ধা আবির হোসেন ও বন্যা আক্তারের সন্তান।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রাতভর টানা বৃষ্টির কারনে সৃষ্ট জলাবদ্ধতার কারণে নগরীর অনেক এলাকায় বাসা বাড়িতে পানি প্রবেশ করে। বুধবার সকালে শিশু আয়াশের মা বন্যা রান্না ঘরে কাজ করছিলেন। হঠাৎ ঘরে ঢ়ুকে ঘুমন্ত শিশু সন্তানকে ঘরের মেঝের পানিতে ডুবে থাকতে দেখে। পরে তাঁর ডাক-চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।  কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিবিরুল ইসলাম জানান, হাসপাতাল থেকে শিশু আয়াশের মৃত্যুর সংবাদটি শুনে পুলিশ পাঠিয়ে নিশ্চিত হই। তিনি জানান, গতরাত থেকে টানা বৃষ্টিতে ব্রাহ্মপল্লীসহ নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায়। ফলে ব্রাহ্মপল্লী এলাকার ওই বাড়িতে হাঁটু পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পানি ঢ়ুকে ঘরের মেঝেতেও হাঁটু পানি জমে যায়। সকালে শিশুরটি মা মুক্তি বেগম ঘরে ঢ়ুকে ঘুমন্ত শিশুটিকে পানিতে ডুবে থাকতে দেখে। পরে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সিটি প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন ঘটনাস্থলে ছুটে যান এবং শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ময়মনসিংহ আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ আনোয়ার হোসেন জানান, রাত ১টা থেকে সকাল ৯টা পর্যন্ত আট ঘন্টায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ বৃষ্টিপাত।  বৃষ্টির পানির কারনে সৃষ্ট জলবদ্ধতার কারণে নগরবাসী চরম ভোগান্তিতে পড়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে