ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চাতলপাড় ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে সায়মা আখতার মনোনীত হয়েছেন। আজ বুধবার (৮ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাছিম উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ মনোনয়ন প্রদান করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ/শিক্ষা প্রতিষ্ঠানসমূহের গভর্নিং বডি (সংশোধিত) বিধিমালা ২০১৯-এর ৭ নম্বর ধারার ক্ষমতাবলে অত্র কলেজের গভনিং বডির বতর্মান সভাপতি মোহাম্মদ আব্দুল বাছির পদত্যাগ করায় তার মনোনয়ন পরিবর্তনপূবর্ক তদ্স্থলে সভাপতি হিসেবে সায়মা আখতারকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই ২০২৭ পযর্ন্ত তিনি গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। তবে বিশেষ প্রয়োজনে ভাইস-চ্যান্সেলর যেকোনো সময় এ মনোনয়ন প্রত্যাহারের ক্ষমতা সংরক্ষণ করেন।
দায়িত্ব পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সায়মা আখতার বলেন, “চাতলপাড় ডিগ্রি কলেজের শিক্ষার মান উন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে আমি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।” উল্লেখ,সায়মা আখতার হলেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নানের স্ত্রী এবং তিনি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক।