সৈয়দপুর শহরে কমেছে লাইসেন্সবিহীন অটোরিকশা-ইজিবাইক

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) :
| আপডেট: ৯ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম | প্রকাশ: ৯ জুলাই, ২০২৬, ১১:২৫ এএম
সৈয়দপুর শহরে কমেছে লাইসেন্সবিহীন অটোরিকশা-ইজিবাইক

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ধারাবাহিক অভিযানের ফলে শহরে লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। এতে শহরের প্রধান সড়কগুলোতে যানজট কিছুটা কমে আসার পাশাপাশি যান চলাচলেও শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এমন কথা জানালেন স্থানীয় বাসিন্দা চাঁন বিহারী ও ব্যবসায়ী ইমতিয়াজ আজম।

পৌরসভার লাইসেন্স শাখা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে লাইসেন্সবিহীন অটোরিকশা ও ইজিবাইকের অবাধ চলাচলের কারণে শহরের গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে পাঁচ মাথা মোড়,তামান্না হল মোড়, সোহেল রানা মোড়,ফল মার্কেট, পোস্ট অফিস মোড়,সদর পুলিশ ফাড়ীর সামন,মদিনা মোড়। ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌরসভা নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে প্রয়োজনীয় লাইসেন্স ও কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চালকদের লাইসেন্স গ্রহণ ও নির্ধারিত নিয়ম মেনে চলার নির্দেশনা দেওয়া হচ্ছে।

পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগের ফলে শহরের বিভিন্ন সড়কে অবৈধ যানবাহনের চলাচল কমেছে। বিশেষ করে শহরের ব্যস্ততম সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট আগের তুলনায় অনেকটাই সহনীয় পর্যায়ে নেমে এসেছে। সৈয়দপুর পৌরসভার সাবেক শ্রেষ্ঠ কাউন্সিলর ও ব্যবসায়ি আক্তার হোসেন ফেকু বলেন, আগে সড়কে অতিরিক্ত ইজিবাইক ও অটোরিকশার কারণে যানজট লেগেই থাকত। বর্তমানে পৌরসভার নিয়মিত তদারকি ও অভিযানের কারণে পরিস্থিতির উন্নতি হয়েছে। পথচারী ও সাধারণ যাত্রীরাও স্বস্তির সঙ্গে চলাচল করতে পারছেন। এজন্য তিনি পৌর প্রশাসক ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলাকে ধন্যবাদ জানান। 

সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আবু নাসিম মিঠু মনে করেন, অভিযান অব্যাহত থাকলে শহরে যানবাহন চলাচলে আরও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে। সাম্প্রতিক সময়ে পরিবহনসংক্রান্ত বিষয় নিয়ে পৌরসভাকে ঘিরে চালকদের আন্দোলন ও আলোচনাও হয়েছে। সৈয়দপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল খালেক জানান,শহরবাসীর স্বার্থে লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে বৈধ লাইসেন্স গ্রহণ এবং ট্রাফিক আইন মেনে চলতে চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে