নওগাঁর পত্নীতলাসহ আশেপাশের উপজেলায় ৮ জুলাই বুধবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বর্ষণে কার্যত অচল হয়ে পড়েছে জনজীবণ। প্লাবিত হয়েছে নিচু এলাকা। খাল- বিল আর মাঠ-ঘাট যেন পানিতে টইটুম্বর করছে। পত্নীতলা উপজেলা সদর নজিপুর চারমাথা বাসষ্ট্যান্ডের সাপাহার রোড তলিয়ে গেছে পানির নীচে। সড়কের দুইপাশের দোকানে পানি ঢ়ুকে পড়ায় বিপাকে পড়েছে ব্যবসায়ীরা।
এদিকে ভারী বর্ষণের কারণে মানুষ ঘর থেকে বের হতে না পারায় বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। দুরপাল্লার গাড়ি ছাড়া লোকাল গাড়ি চলাচল না করায় জরুরী কাজে ঘর থেকে বের হওয়া মানুষকে ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের ভোগান্তি ছিল বেশি। নির্ধারিত সময়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন কিনা তা নিয়ে দুঃচিন্তা ছিলো চরমে। দুর্যোগপুর্ণ আবহাওয়ার কারণে কিছু সরকারি বে-সরকারী প্রতিষ্ঠান সংরক্ষিত ছুটি ঘোষণা করেছে বলে জানা গেছে। ৯ জুলাই বৃহস্পতিবার সকাল ৯টা এই প্রতিবেদন লিখা পর্যন্ত মাঝারি ধরণের বৃষ্টির সাথে মেঘের তর্জন গর্জন চলছিল।