কক্সবাজার ও বান্দরবানে ভয়াবহ পাহাড়ধসে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়ায় দুই স্থানে পাহাড়ধসে পাঁচজন এবং কক্সবাজারের চকরিয়া উপজেলায় পাহাড়ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শিশুদের মা।
লামায় মৃতরা হলেন- মো. ইউনুস (৪০), তাঁর স্ত্রী রানু আক্তার (৩৫) ও পাঁচ বছরের ছেলে মো. সোলেমান। অপর ঘটনায় মো. জুয়েল (৩৪) ও কুলছুমা আক্তার (২৫) নামে এক দম্পতির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোররাতে পৃথক পাহাড়ধসে তাদের মৃত্যু হয়।
ঘটনাসূত্রে জানা গেছে, ভোররাতে পাহাড়ধসের পরপরই আশপাশের লোকজন গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পাঁচজনের মরদেহ উদ্ধার করে।
বান্দরবানের পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, চকরিয়ার মছনিয়াকাটা এলাকায় পাহাড়ধসে এক পরিবারের মা ও তার দুই সন্তান মাটিচাপা পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। আহত মায়ের চিকিৎসা চলছে।
এ বিষয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন, ভোররাতে পাহাড়ধসের খবর পেয়ে প্রশাসন ঘটনাস্থলে যায়। তাৎক্ষণিকভাবে নিহত দুই শিশুর পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। আহত মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে টানা বর্ষণে লামাসহ বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি আরও বেড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ায় জনজীবন ও সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে।